হাওড়া শহরে মাত্র কয়েকদিনের ব্যবধানে পরপর দুটি পদযাত্রা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমটির পর, দ্বিতীয়টিতেও বুধবার দুর্দান্ত সাড়া পেলেন তিনি। রামরাজাতলা শংকর মঠ থেকে বেলেপোল মোড় পর্যন্ত হওয়া পদযাত্রায় রাস্তার দুই ধারে কাতারে কাতারে মানুষের ভিড় চোখে পড়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ছাড়াও, মহিলা ও স্থানীয় মানুষদের অনেকেই এসে ভিড় করেছিলেন। এবার এই পদযাত্রার প্রতিক্রিয়ায় আবেগঘন পোস্ট করলেন মুখ্যমন্ত্রী।
বুধবার মিছিল শেষ হওয়ার কয়েক ঘন্টা পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হাওড়ার এই পদযাত্রার ছবি পোস্ট করেন তৃণমূল সুপ্রিমো। সেই ছবিগুলির সঙ্গেই আবেগপূর্ণ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'আজ হাওড়া জেলার শিবপুর ও হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মা-মাটি-মানুষের মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত সুবিশাল পদযাত্রায় অগণিত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি অভিভূত! পথের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উচ্ছ্বাস ও ভাইদের করতালি আজ স্পষ্ট করে দিয়েছে যে, দিল্লির বাংলা-বিরোধী শক্তির সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হবে।
বাংলার উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখতে এবং বাংলার সংস্কৃতি, ঐতিহ্যকে অটুট রাখতে হাওড়ার শুভবুদ্ধিসম্পন্ন মানুষ পুনরায় তৃণমূল কংগ্রেসের ওপরই ভরসা রাখছেন। সর্বধর্ম সমন্বয়ের বাংলায় বাংলা-বিরোধী বিজেপির কোনও স্থান নেই, আজ তা প্রমাণ করেছেন সাধারণ মানুষ।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভাষাভাষী মানুষের কাছে আমার আবেদন, স্বনির্ভর বাংলার উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ রানা চ্যাটার্জী ও হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী নন্দিতা চৌধুরী-সহ বাংলার সকল তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।'
স্পষ্টভাবেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বড়সড় বার্তা সহ হাওড়ার এই মিছিলের ছবি পোস্ট করেছেন তিনি। তৃণমূলের এই মিছিলে বিশেষ করে রামরাজাতলা বাজার, নতুন রাস্তার মোড় এবং বেলেপোল মোড়ে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি চোখে পড়েছে। বুধবার বিকেলে মিছিলটি শুরু হয়েছিল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। শংকর মঠে শুরুর পর রামচরণ শেঠ রোড, কল্পনা ক্লিনিক মোড়, সাঁতরাগাছি মোড়, নতুন রাস্তা, ডুমুরজলা হয়ে পদযাত্রা শেষ হয় বেলেপোলে। নির্বাচনের প্রাক্কালে তৃণমূল নেত্রীর এই মিছিল স্থানীয় কর্মীদের জন্য একটি বড় বুস্টার হতে চলেছে বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের।
